অস্খলিত ইষ্টনিষ্ঠা
আনুগত্য কৃতি-উছল,
সুসম্বেগে যা’র হৃদয়ে
চলেই নিছক অবিরল,
বাড়েই যে তা’র সন্দীপনা
বাড়েই যে তা’র দৃষ্টি-নিশান,
উর্জ্জীতেজে বাজতে থাকে
সফলতার দক্ষ বিষাণ ;
ধারণা বাড়ে, বাড়ে দৃষ্টি,
বাড়ে মনন, অভিদৃষ্টি,
প্রত্যক্ষ প্রত্যয় এতেই বাড়ে
অন্তরে থেকে সৃষ্টি-কৃষ্টি ;
ইষ্টনিষ্ঠা, আনুগত্য,
কৃতি-সম্বেগের আবেগ-জের
তাড়ন-পীড়ন-অত্যাচারে
বিনায়িত হ’য়ে ঢের
সঙ্গতিশীল তাৎপৰ্য্যেতে
শুভ দীপ্তি ওঠে ফুটে,
বিশ্বদেবের দ্যুতিতে তা’র
পদে-পদে পদ্ম ফোটে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, নিষ্ঠা-৯৮
অন্যের শুভ হ’য়েও কিন্তু
তোমার ক্ষতি হয় না,
এমন কথা আচার-ব্যাভার
কুৎসিততা বয় না।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, ধর্ম্ম-১৩১
জীবনীয় ঐতিহ্য যা’
সত্তাকর্ষী নিষ্ঠা-আচার,
ভুলিস্ নাকো, পালিস্ সে-সব
অর্ঘ্য দিয়ে কুলপিতার।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, ঐতিহ্য ও কুলাচার-৯
চলা-বলা আদব-কায়দা
নিষ্ঠারাগ আর সংস্থিতি –
দেখেশুনে বিশেষভাবে
ধরে নিও তা’র মিতি;
বিহিতভাবে নজর রেখে
নিজে ক’রো প্রণিধান—
তোমার সাথে মিলবে কিনা
হবে কিনা স্থিতিবান !
এই বুঝে যা’ করতে হয়
সেটি করবে শিষ্টভাবে,
হয়তো শুভ হতেও পারে
মিলিয়ে নিলে এই মাপে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, নীতি-৮৭
পঞ্চেন্দ্রিয়ের অনুভূত
ভাব মস্তিষ্কে যা’ লেখা রয়,
বাহ্যতঃ যা’র প্রতিক্রিয়ায়
সংবেদনা যেমন হয়,
বিধানে তা’র অনুরণনে
প্রতিফলন যেমন করায়,
মনটা কিন্তু সেই ক্রিয়াই
ভাবে যেটা উচ্ছলায়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, দর্শন-৯৬
পরিবেশের প্রতি ব্যষ্টি
সাড়া নিয়ে পরিবেশের,
ভেবে-চিন্তে’ বেড়ে ওঠে
প্রয়োজন যেমন প্রত্যেকের ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, রাজনীতি-৬৯
লোকবৈশিষ্ট্যই বিত্ত আনে,
বিত্ত বৈশিষ্ট্য আনল কোথায়?
বৈশিষ্ট্যকে ভেঙ্গে-চুরে
কভু কি রে বিভব দাঁড়ায় ?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, অর্থ-নীতি-২
দরদী-দান মহৎ সে দান
হৃদয় নিয়ে চলে—
হৃদয়ধারা বয় অবিরল
শ্রেয়ার্থটির বলে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সেবা-২৮
ব্যাপার-বিষয় যুক্তি দিয়ে
নির্ণয় করাই সমীচীন,
কথায় কথায় তর্ক করে—
তা’দের বুদ্ধি জানিস্ হীন ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, প্রজ্ঞা-৫০
শিখবি ওরে সবার কাছে
বৈশিষ্ট্যটি রেখে ঠিক,–
পারস্পরিক এই চলনে
ফুটবে জ্ঞানে সকল দিক্।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, আৰ্য্যকৃষ্টি-৭৫
