শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

কী হবে তোর কী পাবি তুই
   কোথায় কাহার সকাশে,
মিলিয়ে দেখিস্ লেখা আছে
   ঝোঁক-ব্যবহার-অভ্যাসে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, লোকচরিত্র-৩

বৃত্তি যখন যেমনি ক’রে
   চিত্তটাতে ফলিয়ে রং
কৰ্ম্মে করে নিয়োজিত
   ধ’রে নানান কুটিল ঢং,
সেইটি দেখে খুঁজে পেতে
   বিনিয়ে চিৎত্বে ক’রে গমন
অনুতাপে দগ্ধে’ আবার
   প্রায়শ্চিত্তই করে শোধন ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, সাধনা-৭১


বিকট বেধূম অগ্নিশিখায়
    অসৎ যা’ সব জ্বালিয়ে দে,
নিরোধশক্তি সাবুদ করে
    জীবনটাকে বাড়িয়ে নে,
কিঙ্কিণীর ঐ ঝঙ্কারে
    তুই হপ্‌কে কেন যাবি থেমে ?
দুরন্ত তোর স্ফুরণ-চলায়
    কৃতি-স্বস্তি আসবে নেমে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, অসৎ-নিরোধ-৮৪


অস্খলিত ইষ্টনিষ্ঠায়
    আগ্রহমদির মন হ’লে,
মদনভস্ম অন্তরে হয়
    বেচাল নেশায় ‘ছি’ ব’লে ;
ধৃতিদীপন উৎসর্জ্জনায়
    স্বস্তিবিধির হোম ক’রে
সার্থকতা পায়ই সে-জন
    হৃদয় দিয়ে তা’ই ধ’রে ;
কামের কুহক আহুতি হ’য়ে
    দীপ্ত রাগের সিক্ত ধী,
ব্যক্তিত্বটি বিনায়িত ক’রে
    রয়ই নিটোল জীবনাবধি ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, ব্যক্তিত্ব-৫৫

দুষ্ট মানে তা’কেই জেনো—
    জীবনটা যা’ নষ্ট করে,
জীবনধৃতি শীৰ্ণ হ’য়ে
    বিষাক্ততায় ঢ’লে পড়ে৷
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, সংজ্ঞা-১৩

তোমায় সুখী করবোই আমি
   কেন, তা’ কি পারব না?
দ্বন্দ্ব-আকুল এমনি কথার
   অন্তরালে আছেই ‘না’ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, লোকচরিত্র-৪২

ছোট্ট ছোট্ট নীতির চলন
   দূরদৃষ্টি-অনুপাতী,
ইষ্টানুগ একপ্রাণতা
   গড়েই কালে মহান জাতি ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-১, রাষ্ট্রধর্ম-২৩

মনের বিকার যাই থাকুক না
    ধৃতি-আচার ছেড়ো নাকো,
ইষ্টতপা নিবেশ নিয়ে
    সুষ্ঠু ভাবে সবই দেখো ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-৫১

বিদ্যমান যা’ তা’কেই জেনে
   কৃষ্টিচর্য্যার আরাধনা,
বিদ্যমানে নাইকো যাহা
   তা’ই বিনানো কল্পনা।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, দর্শন-২০

যা’ আয়ত্ত করতে চাস্ তুই
    বোধ, বিবেক আর জ্ঞান দিয়ে,
আয়ত্ত করার উৎস যিনি—
    চলিস্ তা’তে নিষ্ঠা নিয়ে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, শিক্ষা-২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *