শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ধৃতিনিষ্ঠায় যা’রাই চলে—
   শক্ত-পোক্ত সদাচার,
শিষ্ট জীবন-তপা যা’রা—
   পায় জীবনের সুপ্রসার।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, ধর্ম্ম-৪০


স্বতঃদ্রুতির ক্ষরণে যেথায়
   সাত্বত ধৃতি-উৎসৃজন,
রজঃ-বীর্য্যের মিলন-ধারায়
   করছে সৃষ্টি আর পালন।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, প্রজনন-২২


কেমনতর কীৰ্ত্তি নিয়ে
    কোথায় কেমন হবি উছল,
নিষ্ঠানিপুণ অন্তরেতে
    ঐ সম্বেগই হয় সবল।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, নিষ্ঠা-৪৩

জীবনটা তো কোলাহলই
   হলাহল তো পেছন ধায়,
কুড়িয়ে নে তুই অমর চলন
   চল্ ভেসে চল্ মলয় বায়।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, সাধনা-৩৬


ধাপ্পাবাজি ফাঁকির তোড়ে
    স্বার্থলোলুপ গর্জ্জনে
ইষ্টনিষ্ঠা ছাড়িস্ নাকো—
    ব্যতিক্রমী তর্জ্জনে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, সাধনা-২০

অসৎকে তুই করিস্ সখী
    সৎ-আরতি নিয়ে,
সৎকে তেমনি উছল করিস্
    শিষ্ট অর্ঘ্য দিয়ে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৬, নীতি-৮

পরিবেশের পরিবেশন
    লালন-পালন করছে তোমায়,
বাঁচে কি কেউ ওটি ছাড়া ?
    বাড়ে কি কেউ বর্দ্ধনায় ?
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, সমাজ-১৮


পিতৃপুরুষ কৃষ্টি যদি
   থেকেই থাকে তোর বজায়,
যে-পথ ধ’রেই চলিস্ ধৰ্ম্মে
   জাত কি তাতে নিপাত যায়?
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৩০


ত্রুটিদর্শী ভর্ৎসনাতেও
   নিটোল অনুরাগ,
কৰ্ম্মনিপুণ অভিনিবেশে
   দরদদীপ্ত যাগ;
দোষত্রুটি যার নিখুঁত চলার
   যোগায় সঙ্কেতবাণী——
এমনি ক’রে শুদ্ধ চলায়
   তৃপ্ততপা প্রাণী;
আর্য্য-ঘরে এমনি মেয়ে
   নিত্য আলো ধরে,
কৰ্ম্ম-ব্যজন সেবা-পূজন
   সব নিয়মন করে;
ধরিত্রীরই মূর্ত্তি তা’র
   উমার দোসর মেয়ে,
ঐ দেখ্ না ঐ পথে যায়
   ভজন-মন্ত্র গেয়ে।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, নারী-৫৭

প্রেমী কা’রে কয় শুনবি ওরে?
   শোনরে প্রেমী সেই—
নিজের স্বার্থ উজাড় ক’রে
   প্ৰেষ্ঠস্বার্থী যেই ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, সংজ্ঞা-৪১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *