শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ভাবভরা তোর কুৎসা কেবল
    সবল ন’স্ তুই কোনকালে,
শক্তি তা’তে বাড়বে কোথায় ?
    চলবে জীবন ওই তালে ?
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, প্রবৃত্তি-৬


ভিটামাটি বাড়ীর যেটা
   পূর্ব্বপুরুষ করেছে বাস,
শ্রদ্ধাভরে রাখবি তা’রে
   ছাড়িস্ নে তা’ গেলেও শ্বাস।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, আৰ্য্যকৃষ্টি-৬৫


দুর্ব্বলতায় ঠিকরে দিয়ে
   দাঁড়া রে ওরে দাঁড়া,
রক্তচোষা বাদুড়গুলো
   তাড়া রে ওরে তাড়া।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, বৃত্তি-নিয়ন্ত্রণ-২০


বিবাহই যদি কর—
    তুল্যবংশে বৈধীভাবে
        নিষ্পাদন তা’ ক’রো ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, বিবাহ-১

অর্থস্বার্থী যা’রাই জানিস্
   ইষ্টার্থী সে অটুট নয়,
বৃত্তি-খোরাক অগোছাল বুদ্ধি
   তা’তেই তা’রা মত্ত রয়।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, চরিত্র-২৭৬


অনুগতিসহ চর্য্যা করিস্
   নিষ্ঠানিপুণ হৃদয় দিয়ে,
ঐ গতিটাই ব্যক্তিত্বকে
   করবে স্থাপিত কৃতি নিয়ে।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, সেবা-১২৬


বৃত্তি-বেকুব শুক্‌নোমুখী
   সুখেও কষ্ট পায়,
শ্রেয়-নতি-হারা হ’য়ে
   অধঃপাতেই যায়।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, চরিত্র-১৬

বর্ণ শ্রেয় স্বামীর ঘরে
    ইতরা পত্নীও অনেক ভাল,
ধৃতি তা’দের উছল চলে
    নিয়ে শিষ্ট দীপন আলো,
স্বামীর বর্ণের খাদ্য-আচার
    তেমনি চলাই উচিত ঠিক,
নয়তো কিন্তু বর্ণঘাতী—
    সমাজ গড়ায় সেমনি দিক ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, বিবাহ-৫


ব্যক্তিত্বের উদাত্ত ঊর্জ্জনা
    প্রাণের প্রতিষ্ঠা করি’
উঠুক গৰ্জ্জিয়া,
    তন্দ্রাতুর সান্ধ্য গতি—
যেখানে যা’ আছে
    স্তব্ধ হোক্
অলস বৰ্জ্জিয়া।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৬, জীবনবাদ-৪১

জীবন-দোলন দ্যুতি তোমার
   চর্য্যাবিভোর ব্যবহার,
সুচারুতে অর্থ গেঁথে
   করুক বোধের সমাহার।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, ব্যবহার-৯৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *